রান্নার অপরিহার্য উপাদান লবণ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সাদা লবণের বদলে পিংক সল্টের জনপ্রিয়তা বাড়লেও, বিশেষজ্ঞরা কিন্তু সাধারণ লবণের পক্ষেই কথা বলছেন। তাদের মতে, পিংক সল্টের দিকে ঝুঁকতে গিয়ে আমরা থাইরয়েডের সমস্যার ঝুঁকি বাড়িয়ে ফেলছি। কারণ, সাধারণ খাবার লবণে থাকে প্রয়োজনীয় আয়োডিন, যা থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যকারিতায় অপরিহার্য। আয়োডিনের অভাবে গলগণ্ডের মতো রোগ হতে পারে, যা পিংক সল্টে থাকে না।
পিংক সল্টে ৮৪টি খনিজ উপাদান থাকলেও, হেলথলাইনের তথ্য অনুযায়ী সেগুলোর পরিমাণ এতই নগণ্য যে, স্বাস্থ্যের ওপর আলাদা কোনো প্রভাব ফেলার সম্ভাবনা নেই। সাদা লবণে থাকা সোডিয়াম শরীরের তরল ভারসাম্য, স্নায়ুর কার্যকারিতা এবং পেশীর খিঁচুনি প্রতিরোধে দারুণ কার্যকর। বিশেষ করে যারা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্য সাধারণ লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুষ্টিবিদদের মতে, রান্নায় সাধারণ লবণ ব্যবহার করাই শ্রেয়। আপনি চাইলে সালাদে স্বাদের জন্য পিংক সল্ট ছিটিয়ে নিতে পারেন, তবে একে সাধারণ লবণের বিকল্প হিসেবে গ্রহণ করা উচিত নয়। আপনি যদি পিংক সল্ট ব্যবহার করতেই চান, তবে আয়োডিনের অভাব মেটাতে মাছ, দুগ্ধজাত খাবার বা সামুদ্রিক শৈবাল খাদ্যতালিকায় অবশ্যই রাখতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত দাম দিয়ে পিংক সল্ট কিনলেই যে বেশি উপকার পাবেন, এমনটা কিন্তু নয়।





