সকালে এক কাপ ধোঁয়া ওঠা কফি মানেই যেন দিন শুরু করার নতুন উদ্দীপনা। শরীর ও মনকে চনমনে রাখতে কফির জুড়ি নেই। তবে কফি তৈরির পর ফিল্টারে জমে থাকা কফি পাউডার বা মেয়াদোত্তীর্ণ কফি নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি। কিন্তু জানেন কি, এই ফেলে দেওয়া কফিই হতে পারে আপনার গৃহস্থালির নিত্যদিনের বড় মুশকিল আসান? আসুন জেনে নিই কফির কিছু বিস্ময়কর ব্যবহার:
হাতের দুর্গন্ধ দূর করতে: রান্নার পর মাছ, পেঁয়াজ বা রসুন কাটার ফলে হাতে যে তীব্র গন্ধ হয়, তা সাধারণ সাবানে অনেক সময় দূর হয় না। এই সমস্যার সমাধানে কফি পাউডার হাতে নিয়ে আলতো করে ঘষুন। কফির প্রাকৃতিক সুগন্ধি হাত থেকে সব ধরনের দুর্গন্ধ শুষে নিয়ে ত্বককে করবে সতেজ।
ফ্রিজ ও মাইক্রোওয়েভের দুর্গন্ধ নাশকে: ফ্রিজে রাখা বিভিন্ন খাবারের মিশ্র গন্ধ দূর করতে একটি খোলা বাটিতে সামান্য কফি রেখে দিন। এটি দারুণ প্রাকৃতিক ডিওডোরাইজার হিসেবে কাজ করে। একইভাবে মাইক্রোওয়েভ ওভেনে কফি পাউডার রেখে কিছুক্ষণ চালিয়ে দিলে ওভেনের ভেতরের অস্বস্তিকর গন্ধ দূর হয়ে একটা হালকা কফির ঘ্রাণ ছড়িয়ে পড়বে।
ডাস্টবিনের দুর্গন্ধ রোধে: বাড়ির ডাস্টবিন বা বর্জ্যের পাত্রে প্রায়ই উৎকট গন্ধ তৈরি হয়। সেখানে সরাসরি কিছু ব্যবহৃত কফি পাউডার ছিটিয়ে দিন। এটি কার্যকরভাবে দুর্গন্ধ শুষে নেবে এবং পরিবেশকে রাখবে অনেকটা সতেজ।
গাছের যত্নে কফির সার: কফি শুধু ঘরের কাজে নয়, গাছের পুষ্টি জোগাতেও অনন্য। পরিমিত পরিমাণে মাটির সঙ্গে কফি মিশিয়ে দিলে তা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে, যা মাটির উর্বরতা বাড়ায় এবং অনেক সময় ক্ষতিকারক পোকামাকড় দূরে রাখে। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত কফি ব্যবহার মাটির ভারসাম্য নষ্ট করতে পারে।
শিশুদের সৃজনশীলতায়: শিশুদের সৃজনশীলতা ও কল্পনাশক্তি বাড়াতে কফি পাউডার ব্যবহার করতে পারেন। ময়দার সঙ্গে কফি মিশিয়ে তৈরি করে নিতে পারেন বিশেষ ‘প্লে-ডো’ বা খেলার উপকরণ। এটি মাটির মতো দেখায়, যা শিশুদের নতুন কিছু তৈরি করতে ও হাতে-কলমে শিখতে উৎসাহিত করবে।
এখন থেকে কফি তৈরির পর অবশিষ্ট পাউডার আর ডাস্টবিনে না ফেলে, বাড়ির বিভিন্ন কাজে লাগিয়ে দেখুন জাদুকরী পরিবর্তন!





