১৫ বছর বয়সেই বিশ্বক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এর মঞ্চে তিনি যা দেখিয়েছেন, তা কেবল অবিশ্বাস্যই নয়, বরং টি-টোয়েন্টি ক্রিকেটের সংজ্ঞাই বদলে দিয়েছে। এই তরুণ তুর্কি টুর্নামেন্টে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান সংগ্রহ করে গড়েছেন এক নতুন বিশ্ব রেকর্ড। বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই এত উচ্চ স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করার নজির নেই।
বৈভবের ব্যাটিং তাণ্ডবের কাছে ফিকে হয়ে গেছেন আন্দ্রে রাসেল, হেনরিখ ক্লাসেন বা অভিষেক শর্মার মতো পাওয়ার হিটাররা। অতীতে আন্দ্রে রাসেল বা অভিষেক শর্মা আইপিএলে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে রান করলেও, বৈভবের ২৩৭-এর স্ট্রাইক রেট সমস্ত পরিসংখ্যানকে ছাপিয়ে গেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউভিন ডোনাল্ড (২১৬.৯০ স্ট্রাইক রেট) বা ক্লাসেন (২০৭.৯০ স্ট্রাইক রেট) বৈভবের ধারেকাছেও নেই। আইপিএল ২০২৬-এর সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বৈভব সূর্যবংশী এখন ক্রিকেট বিশ্বের নতুন সেনসেশন। তাঁর এই ব্যাটিং প্রদর্শনী শুধু রেকর্ড বইয়ের পাতায় নয়, বরং ভবিষ্যৎ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের আগমণ বার্তা ঘোষণা করছে।





