বুথে এসেও ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিভ্রাটে দীর্ঘক্ষণ অপেক্ষায় ‘বেদের মেয়ে জোসনা’-র নায়ক

বাংলার অন্তিম দফার ভোটযুদ্ধে আজ মুখোমুখি দুই যুযুধান শিবির। কিন্তু ভোটের সকালেই বিপত্তি! রাসবিহারী কেন্দ্রের চারুচন্দ্র কলেজের ১৭০ নম্বর বুথে সস্ত্রীক ভোট দিতে এসেছিলেন বর্ষীয়ান অভিনেতা তথা বারাসতের বিদায়ী তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তবে ইভিএম বিকল থাকায় ভোট না দিয়েই ফিরে যেতে হল তাঁকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও যান্ত্রিক ত্রুটির কারণে ভোটদান সম্ভব হয়নি।

এদিন সকালেই সস্ত্রীক চারুচন্দ্র কলেজে পৌঁছান চিরঞ্জিত। কিন্তু সেখানে গিয়ে দেখেন ১৭০ নম্বর পার্টে ইভিএম বিকল হয়ে পড়ে রয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর অভিনেতা জানান, “মেশিন খারাপ থাকায় এখন ভোট দেওয়া সম্ভব হল না। ইভিএম ঠিক হলে সময় করে আবার পরে আসব।” শুধু চিরঞ্জিত নন, ইভিএম বিভ্রাটের কারণে সাধারণ ভোটারদেরও ক্ষোভ উগরে দিয়ে বুথ থেকে ফিরে যেতে দেখা যায়।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে টানা তিনবার বারাসতের বিধায়ক ছিলেন চিরঞ্জিত। তবে বয়স ও শারীরিক কারণে এবার নিজেই প্রার্থী হতে চাননি তিনি। তাঁর পরিবর্তে এবার বারাসতে ঘাসফুল শিবিরের বাজি সব্যসাচী দত্ত। ১৫ বছর সক্রিয় রাজনীতিতে থাকার পর আজ সাধারণ ভোটার হিসেবে লাইনে দাঁড়িয়েও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধার মুখে পড়লেন তিনি। আজ দক্ষিণবঙ্গের ৭ জেলার ১৪২টি আসনে চলছে শেষ দফার ভোটগ্রহণ। সকাল থেকে মোটের ওপর শান্তিতে ভোট চললেও ইভিএম বিভ্রাট অস্বস্তি বাড়াল নির্বাচন কমিশনের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy