বিজি শেডিউলের মাঝেও মনে রাখলেন সাধারণের ভালোবাসা! বাংলার মেয়ে বৃষ্টির পোট্রেট দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী!

রাজনীতির ময়দান হোক কিংবা সাধারণ মানুষের আবেগ— নরেন্দ্র মোদী বারবার প্রমাণ করেছেন তিনি ব্যক্তিগত সংযোগে বিশ্বাসী। এবার সেই ভালোবাসার ছোঁয়া পেলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের তরুণী শিল্পী বৃষ্টি মণ্ডল। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও বৃষ্টির হাতের আঁকা পোট্রেট শুধু গ্রহণই করেননি প্রধানমন্ত্রী, বরং সময় বের করে তাঁকে পাঠালেন এক চমৎকার প্রশংসাপত্র। চিঠির শেষে নিচে লেখা, ‘আপনার, নরেন্দ্র মোদী’।

নেপথ্যের সেই উপহার
জঙ্গিপুরে নির্বাচনী জনসভা করতে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন ভিড়ের মাঝে দাঁড়িয়ে বৃষ্টি তাঁকে নিজের হাতে আঁকা একটি স্কেচ উপহার দিয়েছিলেন। হাজারো মানুষের ভিড়ে সেই ছবি প্রধানমন্ত্রীর নজর কাড়বে কি না, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু রবিবার সেই সংশয় উবে গিয়ে বৃষ্টি ও তাঁর পরিবারের কাছে এল কাঙ্ক্ষিত সেই চিঠি।

চিঠিতে কী লিখলেন প্রধানমন্ত্রী?
গত ২৪ এপ্রিল বৃষ্টির নামে পাঠানো সেই চিঠিতে মোদী লিখেছেন, “পশ্চিমবঙ্গের জনসভায় আপনার দেওয়া সুন্দর পোট্রেটটি পেয়ে আমি অত্যন্ত উৎসাহিত। আপনার কাজের মধ্যে যে নিষ্ঠা ও প্রচেষ্টা ফুটে উঠেছে, তার আন্তরিক প্রশংসা করি।” বাংলার সংস্কৃতির জয়গান গেয়ে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য হল মেধা ও সৃজনশীলতার এক সমৃদ্ধ মিশ্রণ। আপনার আত্মবিশ্বাসী তুলির টান অসাধারণ শৈল্পিক প্রতিভার ইঙ্গিত দেয়।” উচ্ছ্বসিত বৃষ্টির পরিবার
প্রধানমন্ত্রীর থেকে এমন স্বীকৃতি পেয়ে আনন্দে আত্মহারা বৃষ্টি। তিনি বলেন, “মোদীজি এত ব্যস্ত থাকেন, তার মধ্যেও তিনি আমার কথা ভেবেছেন, এটাই সবথেকে বড় পাওনা। আমি এবং আমার বাড়ির সবাই আজ ভীষণ খুশি।” বৃষ্টির দাবি, এই স্বীকৃতি তাঁর শিল্পের প্রতি একনিষ্ঠতা আরও বাড়িয়ে দিল।

ভবিষ্যতের পাথেয়
চিঠির শেষে প্রধানমন্ত্রী বৃষ্টির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাঁকে নতুন ভারত গড়ার কারিগর হিসেবেও অভিহিত করেছেন। রাজনৈতিক মহলের মতে, একজন সামান্য শিল্পীর প্রতি প্রধানমন্ত্রীর এই সৌজন্যবোধ যেমন সাধারণ মানুষের মনে জায়গা করে নেবে, তেমনই তরুণ প্রজন্মের কাছে তা হবে অত্যন্ত অনুপ্রেরণামূলক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy