পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার রক্তক্ষয়ী ইতিহাস মুছতে এবার কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরও রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন রাখার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শনিবার দিল্লির সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। কমিশনের লক্ষ্য, গণনা পরবর্তী সময়ে কোনোভাবেই যেন অশান্তি বা রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা না ঘটে।
মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেস কুমার স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনের ফল প্রকাশের পর অন্তত বেশ কয়েক সপ্তাহ এই বাহিনী রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে টহল দেবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর পরিবেশ বজায় রাখতেই এই ‘লং হোল্ট’ পরিকল্পনা। পাশাপাশি, আইন-শৃঙ্খলা বজায় রাখতে গাফিলতির অভিযোগে ইতিমধেই রাজ্যের বেশ কয়েকজন পদস্থ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে কমিশন। ‘হিংসামুক্ত বাংলা’ গড়ার লক্ষ্যে কমিশনের এই কঠোর অবস্থান রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।





