“ফল ভোগ করতে হবে কলকাতাকে”, ভারত-পাক যুদ্ধের আবহে বিস্ফোরক খাজা আসিফ!

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার পারদ এবার এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি ভারতের মহানগরী কলকাতাকে লক্ষ্য করে এক বিতর্কিত হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার শিয়ালকোটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ভারত যদি কোনো ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (ছদ্মবেশী হামলা) চালানোর চেষ্টা করে, তবে পাকিস্তানের প্রত্যাঘাত সীমান্ত ছাড়িয়ে ভারতের অভ্যন্তরে, বিশেষ করে কলকাতা পর্যন্ত পৌঁছাবে।

খাজা আসিফের অভিযোগ, ভারত সরকার নিজেদের লোক বা বন্দি পাকিস্তানিদের ব্যবহার করে কোনো সাজানো সন্ত্রাসবাদী হামলার ছক কষছে, যাতে পাকিস্তানের ওপর দোষ চাপানো যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এবার ভারত এমন কোনো দুঃসাহস দেখায়, তবে ইনশাআল্লাহ আমরা লড়াই কলকাতাতে নিয়ে যাব।” ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সাম্প্রতিক ‘অপ্রত্যাশিত পদক্ষেপ’-এর বার্তার পাল্টা দিতে গিয়েই পাক মন্ত্রীর এই আগ্রাসী মেজাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মন্তব্যের পর থেকেই জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে।