‘আঙুল কোন দিকে যাচ্ছে খেয়াল রাখবেন’, বুথেই ভোটারদের নজরদারির ‘দাওয়াই’ তৃণমূল বিধায়কের!

ভোটের মুখে ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এবার তাঁর নিশানায় সরাসরি ভোটারদের গোপনীয়তা এবং দলেরই তারকা নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া আসনে এবার তৃণমূলের প্রার্থী তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর হয়ে প্রচারে গিয়েই বুথ এজেন্টদের উদ্দেশে অসিত মজুমদার বলেন, “শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। আঙুলটা নীচে আসছে, নাকি উপরের দিকে যাচ্ছে।” অর্থাৎ ভোটার ইভিএমে কাকে ভোট দিচ্ছেন, তা নজর রাখার নির্দেশ দিয়েই কার্যত বিতর্কের আগুন জ্বালিয়েছেন তিনি।

তিনবারের বিধায়ক হওয়া সত্ত্বেও এবার টিকিট পাননি অসিতবাবু। সেই ক্ষোভ উগরে দিয়ে তিনি দাবি করেন, রচনা বন্দ্যোপাধ্যায়ের কারণেই দল তাঁকে ব্রাত্য রেখেছে। তাঁর ভবিষ্যদ্বাণী, “রচনা থাকলে দেবাংশুর ভরাডুবি নিশ্চিত। ও তিনদিনের যোগী, আন্দোলনের কী বোঝে? গ্রামে নেচেগেয়ে ভোট হয়, কিন্তু শহরাঞ্চলে লোকে ওকে পছন্দ করে না।” রচনার উপস্থিতি দেবাংশুর জয়ের পথে বাধা হবে বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, রাজ্যে এবার দুই দফায় বিধানসভা নির্বাচন। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। গণনা ৪ মে। ভোটের ঠিক আগে ঘরের কোন্দল এবং ভোটারের আঙুলের গতিবিধি নিয়ে বিদায়ী বিধায়কের এমন মন্তব্যে চুঁচুড়ায় চরম অস্বস্তিতে ঘাসফুল শিবির।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy