ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মালদার কালিয়াচক। বিডিও অফিস ঘেরাও থেকে শুরু করে সরকারি আধিকারিকদের শারীরিক হেনস্থা—বিগত কয়েক দিনে একের পর এক হিংসার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। আর এই গোটা অশান্তির নেপথ্যে মূল চক্রান্তকারী হিসেবে উঠে আসছে মোফাক্কারুল ইসলামের নাম। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁরই একটি উস্কানিমূলক ভিডিও, যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ইস্যুকে হাতিয়ার করে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে চরম উস্কানি দিচ্ছেন মোফাক্কারুল। অভিযোগ, তাঁর এই প্ররোচনার জেরেই উত্তেজিত জনতা আইন হাতে তুলে নেয় এবং সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। এমনকি ৭ জন বিচারপতির ওপর হামলার চেষ্টার পিছনেও এই আইনজীবীর মস্তিষ্ক ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর সময় মোফাক্কারুলকে গ্রেফতার করেছে সিআইডি। ঘটনার গুরুত্ব বিচার করে এনআইএ (NIA) এই তদন্তভার গ্রহণ করতে চলেছে। ভাইরাল হওয়া এই ভিডিওটি এখন তদন্তের অন্যতম প্রধান হাতিয়ার। দেখুন সেই বিতর্কিত ভিডিও যা কালিয়াচকে হিংসার আগুন জ্বালিয়েছিল।





