পরিবার জানত মেয়ে লন্ডনে, পুণের ফ্ল্যাট থেকে উদ্ধার ছাত্রীর রহস্যজনক পচাগলা দেহ!

পরিবার জানত মেয়ে লন্ডনে এমবিএ পড়ছেন। কিন্তু আচমকাই পুণের এক বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার হলো ওই তরুণীর নিথর দেহ! পরিবারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে গত অগস্টে দেশে ফেরেন ছত্রপতি সম্ভাজীনগরের বাসিন্দা মুগ্ধা দেশমুখ (২৪)। গত ২৪ অক্টোবর থেকে তাঁর ফোন বন্ধ থাকায় পরিবারের সন্দেহ হয়। শেষমেশ ব্যাঙ্কের নথি ও ফুড ডেলিভারি অ্যাপের ট্রানজাকশন ট্র্যাক করে সত্য সামনে আসতেই শিউরে উঠলেন স্বজনেরা।
পুলিশ সূত্রের খবর, এপ্রিল মাসে পুণের গাহুঞ্জে এলাকার একটি ফ্ল্যাট ভাড়া নেন মুগ্ধা এবং অগস্ট থেকে সেখানে নিঃশব্দে থাকতে শুরু করেন। ২৩ অক্টোবরের পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে প্রথমে লন্ডন পুলিশের কাছে মিসিং ডায়েরি করা হয়। কিন্তু উদ্ধার হওয়া ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে দেখা যায়, অক্টোবরের শুরুতে ভারতের সুইগি-জোম্যাটোতেই মিলছে খাবারের বিলের প্রমাণ! এরপরই পুণে পুলিশের সহায়তায় চাবিওয়ালা দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ঢুকতেই মেলে মুগ্ধার রহস্যজনক মৃতদেহ। শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। পরিবারকে লুকিয়ে হঠাৎ কেন তিনি দেশে ফিরলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।