১ নভেম্বর থেকেই বদলে যাচ্ছে পকেটের একাধিক নিয়ম! জানুন কার ওপর পড়বে সরাসরি প্রভাব?

দেখতে দেখতে শুরু হতে চলেছে বছরের একাদশতম মাস নভেম্বর। আর এই ১ নভেম্বর থেকেই দেশজুড়ে কার্যকর হতে চলেছে একাধিক নতুন নিয়ম ও আর্থিক রদবদল। জিএসটি রিফান্ড, রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে মোবাইল কলিং ও হাইওয়ে যাতায়াত—সবক্ষেত্রেই সাধারণ মানুষের পকেট ও দৈনন্দিন জীবনে এর প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে।
এলপিজি সিলিন্ডার ও এটিএফের দাম পরিবর্তন:
প্রতি মাসের প্রথম দিনের মতোই ১ নভেম্বর তেলের দামের দিকে নজর থাকবে আমজনতার। তেল বিপণনকারী সংস্থাগুলি বাণিজ্যিক ১৯ কেজির এলপিজি সিলিন্ডার এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর নয়া দর প্রকাশ করবে। অক্টোবর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও ঘরোয়া ১৪ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। এ মাসে দাম কমার আশায় প্রহর গুনছেন সাধারণ মানুষ।
মোবাইলে স্বয়ংক্রিয় কলার আইডি:
মোবাইল ব্যবহারকারীদের জন্য ১ নভেম্বর থেকে চালু হতে চলেছে ঐতিহাসিক পরিবর্তন। টেলিকম বিভাগের (DoT) নির্দেশে টেলিকম সংস্থাগুলি ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (CNAP) চালু করছে। ফলে অচেনা নম্বর থেকে ফোন এলেই সিম কার্ডের আসল মালিকের নাম স্ক্রিনে ভেসে উঠবে। এর ফলে ট্রুকলারের মতো বাহ্যিক অ্যাপের ওপর নির্ভরতা কমবে এবং স্প্যাম কল অনেকটাই আটকানো যাবে।
ব্যবসা ও জিএসটি সংস্কার:
ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ করদাতাদের স্বস্তি দিতে সরকার জিএসটি রিফান্ড প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় অনুমোদন (Automatic Approval) ব্যবস্থা আনছে। এর ফলে ট্যাক্স রিফান্ডের বিলম্ব কমবে। পাশাপাশি ৫ কোটি টাকার কম টার্নওভার থাকা বি-টু-সি (B2C) ব্যবসায়ীদের জন্য সহজ রিটার্ন ব্যবস্থা চালু হচ্ছে।
মদের ব্যবসায় ডিজিটাল পেমেন্ট ও হাইওয়ে সংক্রান্ত নিষেধাজ্ঞা:
তামিলনাড়ুতে সরকারি মদ বিপণন সংস্থা (TASMAC) ১,০০০ টাকার বেশি মদের কেনাকাটায় নগদ লেনদেন বন্ধ করে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করেছে। অন্যদিকে, মহারাষ্ট্র হাইওয়ে পুলিশ মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের নতুন কানেক্টিং লিঙ্কে ছোট ও বড় সব ধরনের মালবাহী পিকআপ ভ্যান চলাচল ১ নভেম্বর থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে, তবে ব্যক্তিগত গাড়ি ও বাস স্বাভাবিকভাবেই চলবে।