রণবীর বনাম রণবীর! নিতেশের ‘রাম’ কাপুর না কি এআই-এর ‘রাম’ সিং? নেটপাড়ায় মহাযুদ্ধ

রণবীর কাপুরের ‘রাম’ লুক নিয়ে যখন সারা দেশ তোলপাড়, ঠিক তখনই নেট দুনিয়ায় শুরু হলো এক নজিরবিহীন ‘ভার্চুয়াল’ যুদ্ধ! নীতেশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর টিজার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রণবীর সিং-এর এআই (AI) তৈরি ‘রাম’ অবতার। ভক্তদের একাংশের দাবি— রণবীর কাপুরকে মানালেও, রাম হিসেবে রণবীর সিং-এর তেজ ও সারল্য হতো অনন্য।
বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর পুণ্যলগ্নে মুক্তি পেয়েছে ৪০০০ কোটি টাকার মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। রণবীর কাপুরকে শান্ত মূর্তিতে দেখে ভক্তরা খুশি হলেও, কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে তৈরি রণবীর সিং-এর যোদ্ধারূপী ছবিগুলো বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। নেটিজেনদের দাবি, রণবীর সিং-এর চোখের তীব্রতা এবং শারীরিক গঠন পৌরাণিক চরিত্রের জন্য বেশি মানানসই। কেউ কেউ আবার তাঁকে ‘রাবণ’ বা ‘ইন্দ্রজিৎ’ হিসেবে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন।
২০২৬-এর দীপাবলিতে মুক্তি পেতে চলা এই ছবিতে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন যশ (রাবণ), সাই পল্লবী (সীতা) এবং সানি দেওল (হনুমান)। নীতেশ তিওয়ারির এই রূপালী পর্দার রাম বনাম এআই-এর এই কাল্পনিক রাম— আপাতত ‘রণবীর বনাম রণবীর’ দ্বৈরথেই মজেছে নেটপাড়া।