ইরানকে বুড়ো আঙুল! হরমুজ প্রণালীতে বিকল্প রুট খুঁজে নিল ওমানের তিন তেলের ট্যাঙ্কার

ইরান-আমেরিকা সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) কার্যত অবরুদ্ধ। স্তব্ধ হয়ে পড়েছে বিশ্ব বাজারের তেল সরবরাহ। অভিযোগ উঠেছে, ইরান কেবল তাদের পছন্দের দেশগুলোকেই এই পথে যাতায়াত করতে দিচ্ছে, তাও আবার জাহাজ পিছু প্রায় ২ মিলিয়ন ডলার মোটা অঙ্কের শুল্কের বিনিময়ে। এই চরম সঙ্কটের মাঝেই নজরকাড়া কৌশল নিল ওমানের তিনটি বিশালাকার ট্যাঙ্কার।

ইরানের জলসীমা ও শুল্ক এড়িয়ে ওমানি উপকূল ঘেঁষে বিকল্প রুট ধরে হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে দুটি তেলের ট্যাঙ্কার এবং একটি এলপিজি ক্যারিয়ার। স্যাটেলাইট সিগন্যাল অনুযায়ী, জাহাজগুলি পূর্ব দিকে এগোচ্ছিল। তবে ওমানের মুসানদাম উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর রহস্যজনকভাবে তাদের অটোমেটেড পজিশন সিগন্যাল (AIS) বন্ধ করে দেওয়া হয়। এই ট্যাঙ্কারগুলিতে প্রায় ২ মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে ইরানের সংবাদমাধ্যম ‘ইরনা’ (IRNA) দাবি করেছে, তেহরান ওমানের সঙ্গে জাহাজ চলাচলে নজরদারির জন্য একটি প্রোটোকল তৈরি করছে। যদিও ওমান এই নিয়ে মুখ খোলেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিশালাকার এলএনজি ও অয়েল ট্যাঙ্কারের বিকল্প পথে যাতায়াত বিশ্বজুড়ে জ্বালানি কূটনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল।