মুর্শিদাবাদের রাজনীতির ‘রবিনহুড’ অধীর চৌধুরী দীর্ঘ তিন দশক পর আবারও বিধানসভার ভোট যুদ্ধে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে হারের ধাক্কা সামলে এবার নিজের খাসতালুক বহরমপুর থেকেই প্রার্থী হয়েছেন তিনি। মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া নির্বাচনী হলফনামায় নিজের কোটি কোটি টাকার সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন এই হেভিওয়েট কংগ্রেস নেতা।
সম্পত্তির খতিয়ান:
নগদ ও ব্যাঙ্ক: অধীরের হাতে নগদ ৯৪,৫০০ টাকা থাকলেও স্ত্রী অতসীর কাছে রয়েছে ৭.২৫ লক্ষ টাকা। অধীরের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে ৬.৪২ লক্ষ টাকা।
গাড়ি ও সোনা: অধীরের সংগ্রহে ২২.২৭ লক্ষ টাকার গাড়ি এবং ২৭.৬০ লক্ষ টাকার সোনা রয়েছে। তবে তাঁর স্ত্রী অতসী এ ক্ষেত্রে অনেক এগিয়ে; তাঁর সোনার গয়নার বাজারমূল্য ১ কোটি ৭৪ লক্ষ টাকা!
স্থাবর সম্পত্তি: জমি, বাড়ি ও ফ্ল্যাট মিলিয়ে অধীরের স্থাবর সম্পত্তি ৬ কোটি টাকার। মজার বিষয়, তাঁর স্ত্রীরও সমপরিমাণ অর্থাৎ ৬ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও মামলা:
হলফনামায় অধীর জানিয়েছেন তিনি নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, যদিও হিন্দি ও ইংরেজিতে তিনি যথেষ্ট সাবলীল। বর্তমানে তাঁর বিরুদ্ধে ৩টি ফৌজদারি মামলা থাকলেও কোনোটিতেই চার্জ গঠন হয়নি। ৩৫ বছর আগে নবগ্রামের বিধায়ক থেকে আজকের বহরমপুর প্রার্থী— অধীরের এই ‘ঘর ওয়াপসি’র ফল কী হয়, এখন সেটাই দেখার।





