মুর্শিদাবাদের সুতিতে নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর নিশানায় ছিল মূলত এনআইএ (NIA), সিবিআই (CBI) এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ইস্যু। মমতার সাফ দাবি, ‘বিজেপি হচ্ছে গভর্নমেন্ট অফ পরিকল্পনা। অমিত শাহ দাঙ্গার চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছেন।’
শুক্রবার নমাজের দিন শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘বিজেপি, কংগ্রেস আর হায়দ্রাবাদের হাঁদা আর এখানের ভোঁদা আপনাদের উসকে দেবে। দাঙ্গায় জড়াবেন না। পুলিশ বা কেন্দ্রীয় সংস্থা ধরলে তখন আমও যাবে, ছালাও যাবে।’ এনআরসি বা এসআইআর (SIR) প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, শুধু মুর্শিদাবাদ নয়, তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরেও ‘উকুন বাছার মতো’ বেছে বেছে সংখ্যালঘু ও হিন্দু মা-বোনদের ৪০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আইনি লড়াইয়ে দলের পক্ষ থেকে আইনজীবী দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। মোদী-শাহর দলকে তোপ দেগে মমতা বলেন, এরা গণতন্ত্র শেষ করে দিতে চাইছে, তাই নির্বাচনের আগে চারদিকে ইডি (ED) রেইড করানো হচ্ছে।





