ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পূর্ব উপকূল। বৃহস্পতিবার ভোরে স্থানীয় সময় ৬টা ৪৮ মিনিটে সুলাওয়েসি ও মালুকা দ্বীপের মাঝে মলুক্কা সাগরের ৩৫ কিলোমিটার গভীরে এই তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টারনাট। উত্তর ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকায় এক মিনিটেরও বেশি সময় ধরে কম্পন স্থায়ী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
এই প্রাকৃতিক বিপর্যয়ে মানাডো শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি বিশাল বহুতল ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। ঘটনার পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ইন্দোনেশিয়া, ফিলিপিনস এবং মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় ১০০০ কিলোমিটারের মধ্যে সুনামির সতর্কতা জারি করে। উত্তর মিনাহাসায় প্রায় ৭৫ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়লেও দুই ঘণ্টার ব্যবধানে সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
ভূমিকম্পের পর অন্তত ১১ বার আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৫.৫। স্থানীয় বাসিন্দারা ২০০৪ সালের সেই ৯.১ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প এবং সুনামির স্মৃতিতে সিঁদুরে মেঘ দেখছেন। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।





