হনুমান জয়ন্তীর প্রসাদ খেয়ে বিপত্তি! গুজরাতের স্কুলে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক পড়ুয়া

উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হল গুজরাতের ভাবনগরে। হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক পড়ুয়া। ভাবনগরের লংড়ি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয় মহাবীর সমাজের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য পাওভাজি ও পোলাওয়ের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিশুর পেটে ব্যথা ও বমি শুরু হয়।

ঘটনার আকস্মিকতায় অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয় প্রশাসনের সহায়তায় ২৫ জন পড়ুয়াকে মহুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বাকি ৬০ জন পড়ুয়াকে লংড়ি গ্রামেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্কুলের উৎসবে কীভাবে এই ধরনের বিষক্রিয়ার (Food Poisoning) ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্য দফতর। খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।