কনভয় ছেড়ে ছোট গাড়িতে শাহ! মমতার বাড়ির গলির সামনেই ধুন্ধুমার, ভবানীপুরে হাই-ভোল্টেজ উত্তেজনা

ভবানীপুর উপনির্বাচনের পারদ চড়ল বেনজিরভাবে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার আগেই রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির ঠিক সামনেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে স্লোগান এবং পাল্টা স্লোগান ঘিরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা।
বিশৃঙ্খলা সামাল দিতে গোটা এলাকা কার্যত পুলিশি দুর্গে পরিণত করা হয়। ঝামেলার জেরে মাঝপথেই আটকে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়। পরিস্থিতি বিবেচনা করে এবং জটলা এড়াতে শাহকে নিজের বুলেটপ্রুফ কনভয় ছেড়ে একটি ছোট গাড়িতে উঠে সংশ্লিষ্ট রাস্তা পার হতে হয়। শুভেন্দুর মনোনয়নকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ভবানীপুরে চাপা উত্তেজনা ছিল, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশ্য সংঘর্ষের রূপ নেয়। বর্তমানে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।