শরীরের শক্তি ফুরিয়ে আসলেও কর্তব্যে অবিচল নিউ মেক্সিকোর এক পোষ্য সারমেয়। ১২ বছরের বৃদ্ধ ‘হানি’ প্রমাণ করে দিল, ভালোবাসা আর সাহসের কাছে শারীরিক প্রতিবন্ধকতা তুচ্ছ। শজারুর সঙ্গে পুরনো এক লড়াইয়ে নিজের অর্ধেক দৃষ্টিশক্তি হারিয়েছিল হানি। কিন্তু সেই অর্ধ-অন্ধ চোখ নিয়েই সে রুখে দাঁড়াল এক বিশালকায় হিংস্র ভালুকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে নিউ মেক্সিকোর একটি পশুখামারে। শীতঘুম সেরে ওঠা একটি ক্ষুধার্ত ভালুক খাবারের সন্ধানে হানা দিয়েছিল খামারের মুরগির খাঁচায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিজের দুর্বল শরীর নিয়েই বারবার হিংস্র প্রাণীটিকে প্রতিহত করার চেষ্টা করছে হানি। পরিবারের কেউ সেই রাতে বিষয়টি টের না পেলেও, পরদিন সকালে রক্তাক্ত অবস্থায় ড্রাইভওয়েতে হানিকে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন তার মালিকরা। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার এবং দীর্ঘ চিকিৎসার পর এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে সে। এর আগেও মারণ রোগ ‘পারভো’ এবং শজারুর কাঁটার আঘাত জয় করে ফিরে এসেছিল হানি। এবার সাক্ষাৎ যমের মুখ থেকে নিজের পরিবার ও খামারের প্রাণীদের বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘সুপারহিরো’ হয়ে উঠেছে এই তেজস্বী সারমেয়।





