আইপিএলের মঞ্চে ফের পুরনো ছবির পুনরাবৃত্তি! দিল্লি ক্যাপিটালসের কাছে লখনউ সুপার জায়ান্টস হারতেই মেজাজ হারালেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। বুধবার দিল্লির কাছে ৬ উইকেটে হারের পর মাঠে দাঁড়িয়েই অধিনায়ক ঋষভ পন্থ এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারের ওপর ক্ষোভ উগরে দিতে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হতাশ পন্থকে রীতিমতো অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলছেন গোয়েঙ্কা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় কোচ ল্যাঙ্গারকেও।
এই ঘটনা মুহূর্তে ক্রিকেট প্রেমীদের মনে করিয়ে দিয়েছে ২০২৪ সালের সেই স্মৃতি, যখন সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর তৎকালীন অধিনায়ক কেএল রাহুলের ওপর প্রকাশ্যে চড়াও হয়েছিলেন গোয়েঙ্কা। এদিনও লখনউয়ের মাত্র ১৪১ রানের পুঁজি নিয়ে হার মেনে নিতে পারেননি তিনি। যদিও হারের দায় ব্যাটারদের ওপর চাপিয়েছেন পন্থ। তিনি জানান, পাওয়ার প্লে-তে দ্রুত উইকেট না পাওয়া এবং বড় পার্টনারশিপ গড়তে না পারাই ডুবিয়েছে দলকে। তবে মাঠের হার ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে সঞ্জীব গোয়েঙ্কার সেই ‘প্রকাশ্য শাসন’।





