টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে উত্তাল টলিপাড়া। ওড়িশার তালসারিতে ‘ম্যাজিক মোমেন্টস’-এর ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিংয়ে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। এই ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) থেকে শুরু করে স্টুডিও পাড়ার একাংশ। এই পরিস্থিতির মাঝেই নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রযোজক তথা লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের (West Bengal Women’s Commission) চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু তিনি নিজেই ওই ধারাবাহিকের প্রযোজক এবং তাঁর সংস্থার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, তাই পদে থেকে কোনোভাবেই প্রভাব খাটাতে চান না তিনি। রাহুলের মৃত্যুর তদন্ত যাতে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতেই তিনি এই নৈতিক অবস্থান নিয়েছেন।
যদিও লীনা গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, চিত্রনাট্যে গভীর জলে যাওয়ার কোনো দৃশ্য ছিল না এবং তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। কিন্তু শুটিং পারমিশন ও প্রয়োজনীয় লাইফ-গার্ড না থাকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তাতে যথেষ্ট চাপে পড়েছে প্রযোজনা সংস্থা। এই ইস্তফা সেই বিতর্ক সামাল দেওয়ার কৌশল না কি সততার প্রমাণ, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিল্পী মহলে। বর্তমানে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং খুনের মামলার দাবিতে সরব বিভিন্ন সংগঠন, যার জেরে এই তদন্ত এখন অত্যন্ত স্পর্শকাতর মোড়ে দাঁড়িয়ে।





