দেশের সুরক্ষায় বড় থাবা! বায়ুসেনা ঘাঁটি থেকে তথ্য পাচার পাকিস্তানে, গ্রেফতার ভারতীয় কর্মী

ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগে অসমের চাবুয়া এয়ার ফোর্স স্টেশনের এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রাজস্থান পুলিশ ও বায়ুসেনা গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ৩৬ বছর বয়সী সুমিত কুমারকে পাকড়াও করা হয়েছে। ধৃত সুমিত উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ওই ঘাঁটিতে মাল্টি-টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য: গোয়েন্দা সূত্রে খবর, ২০২৩ সাল থেকেই সুমিত পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বায়ুসেনা ঘাঁটির অতি সংবেদনশীল তথ্য পাচারের বিনিময়ে মোটা টাকা নিতেন তিনি। গত জানুয়ারি মাসে জয়সলমের থেকে জাবরারাম নামে এক সন্দেহভাজনকে গ্রেফতারের পর সুমিতের নাম সামনে আসে। তদন্ত চলাকালীনও তিনি ক্রমাগত পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন বলে এডিজিপি প্রফুল্ল কুমার জানিয়েছেন।

দেশজুড়ে ছড়িয়ে ISI-এর স্পাই নেটওয়ার্ক: একদিকে যখন বায়ুসেনা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক বিশাল স্পাই নেটওয়ার্কের হদিশ পেয়েছে ভারত। এই চক্রের মূল পান্ডা নওশাদ আলি গরিব ঘরের তরুণ, এমনকি মহিলা ও নাবালকদেরও টাকার প্রলোভন দেখিয়ে এই পথে নামাত। মোবাইল রিপেয়ারিং বা সিসিটিভি-র কাজে দক্ষদের বেছে নেওয়া হতো যাতে সেনার ওপর সরাসরি নজরদারি চালানো সহজ হয়। এই ঘটনায় নতুন করে ৩ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।