দীর্ঘ জল্পনা ও টালবাহানার অবসান। নিজের গড় খড়গপুর থেকেই বিধানসভা নির্বাচনের টিকিট ছিনিয়ে নিলেন দিলীপ ঘোষ। আর প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই শুক্রবার সকালে খড়গপুরে ‘চা চক্রে’ বেরিয়ে স্বমহিমায় ধরা দিলেন এই বিজেপি নেতা। এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “পনেরো বছর অনেক করেছেন, লোককে কষ্ট দিয়েছেন। এবার বিশ্রাম নিন।”
তৃণমূলের নির্বাচনী ইশতেহারকে কার্যত নস্যাৎ করে দিলীপের দাবি, সাধারণ মানুষ এসব পড়েও দেখে না। ভোটের মুখে সিভিক ও ভিলেজ ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি নিয়ে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, “টাকা নেই অথচ ঘোষণা হচ্ছে কী করে? সেই তো মোদীজির কাছেই ধর্ণা দিতে যাবেন। আমি বলব ধর্ণা না দিয়ে মোদীজিকে ভোট দিন, ভাতা নয় আপনাদের বেতনই ডবল করে দেবেন তিনি।”
বাংলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিলীপ ঘোষ দাবি করেন, দেশের শান্তির স্বার্থেই এবার বাংলায় বিজেপি সরকার দরকার। তাঁর কথায়, “এই বাংলা দিয়েই উগ্রপন্থী, জঙ্গি আর রোহিঙ্গারা ঢুকে সারা দেশে উৎপাত করছে। বাংলা না জিতলে দেশের ক্ষতি।” নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর চিঠি পাঠানো নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, খড়গপুরে দিলীপের এই ‘দাবাং’ এন্ট্রি গেরুয়া শিবিরের কর্মীদের মনোবল এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে।