আইপিএল ২০২৬-এর দামামা বেজে গিয়েছে। বিসিসিআই ইতিমধ্যেই প্রথম ২০টি ম্যাচের সূচি ঘোষণা করে দিয়েছে, যা আগামী ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের পারদ চড়ালেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। মরশুম শুরুর আগে তাঁর সেরা দুই দলকে বেছে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তিনি।
শাস্ত্রী মনে করছেন, এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ট্রফি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। শাস্ত্রীর মতে, মুম্বই ইন্ডিয়ান্স গত কয়েক মরশুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার যেভাবে দল গুছিয়েছে, তাতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই দল ফের স্বমহিমায় ফিরবে। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন আরসিবি-র আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বিরাটের ছন্দ এবং দলের ভারসাম্য তাদের ফের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার করে তুলেছে।
উল্লেখ্য, এবারের আইপিএল প্রথম পর্যায়ে দেশের ১০টি ভেন্যুতে খেলা হবে। ২৮ মার্চ আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে টুর্নামেন্টের বোধন হচ্ছে। তবে কেকেআর বা সিএসকে-র মতো শক্তিশালী দলগুলিকে কেন তিনি ‘সেরা ২’-এ রাখলেন না, তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। শাস্ত্রীর এই ভবিষ্যদ্বাণী কতটা সফল হয়, তা জানতে এখন কেবল সময়ের অপেক্ষা।