ফেব্রুয়ারি পর্যন্ত কাঁপাবে শীত, চলবে রেলের ভোগান্তি! উপাসনা থেকে মালদা টাউন— বাতিল ট্রেনের লম্বা তালিকা দেখুন

দেশজুড়ে হাড়কাঁপানো শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশার দাপট। আর এই কুয়াশার জেরেই বিপর্যস্ত ভারতের রেল পরিষেবা। বিশেষ করে উত্তর ভারতগামী ট্রেনগুলির অবস্থা শোচনীয়। দৃশ্যমানতা কয়েক মিটারে নেমে আসায় নিরাপত্তার খাতিরে ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর, এই বাতিল প্রক্রিয়া কেবল দু-একদিনের জন্য নয়; আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে অনেক ট্রেন ফেব্রুয়ারি এমনকি মার্চের শুরু পর্যন্ত বন্ধ থাকবে। উত্তর ভারত এবং দিল্লির রুটে কুয়াশা এতটাই বেশি যে ট্রেনের গতিবেগ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন চালকরা। এর সরাসরি প্রভাব পড়ছে যাত্রী পরিষেবাতেও।
বাতিল হওয়া কিছু গুরুত্বপূর্ণ ট্রেন:
হাওড়া-দেহরাদুন: ১২৩২৭ উপাসনা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
নয়াদিল্লি-মালদা টাউন: ১৪০০৪ এক্সপ্রেস ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে না।
প্রয়াগরাজ-মুজাফ্ফরপুর: ১৪১১২ ও ১৪১১১ এক্সপ্রেস ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
ঝাঁসি-কলকাতা: ২২১৯৮ বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা এক্সপ্রেস ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ।
কামাখ্যা-আনন্দ বিহার: ১৫৬২১ ও ১৫৬২২ এক্সপ্রেস ২৬ ও ২৭ ফেব্রুয়ারি বাতিল।
রেল কর্তৃপক্ষের পরামর্শ, বাড়ি থেকে বেরোনোর আগে যাত্রীরা যেন অবশ্যই ট্রেনের বর্তমান অবস্থান এবং স্ট্যাটাস যাচাই করে নেন। কুয়াশার কারণে কেবল ট্রেন বাতিলই নয়, বহু ট্রেন নির্ধারিত সময়ের থেকে কয়েক ঘণ্টা দেরি করে চলছে।