পুণ্যার্থীদের নিরাপত্তায় নয়া ‘DMR’ প্রযুক্তি! গঙ্গাসাগরের ডিজিটাল হ্যামে কড়া নজরদারি বিশ্বের

গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা ও জরুরি পরিষেবা ব্যবস্থাকে আরও নিখুঁত করতে এবার বড়সড় বদল আনছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। বিগত বছরের পুরনো অ্যানালগ সিস্টেমকে বিদায় জানিয়ে এবারের মেলায় যুক্ত হচ্ছে আধুনিক ‘ডিএমআর’ (Digital Mobile Radio) প্রযুক্তি। এর ফলে মেলা প্রাঙ্গণ থেকে দেশ তথা বিশ্বের যেকোনো প্রান্তে নিমেষে বার্তা ও এসএমএস পাঠানো সম্ভব হবে।
নতুন এই ডিজিটাল প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এর গোপনীয়তা ও গতি। আগে বার্তা পাঠানোর জন্য অস্থায়ী কন্ট্রোল রুমের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন হাতে থাকা হ্যান্ডসেট থেকেই সরাসরি তথ্য আদান-প্রদান করা যাবে। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে সমুদ্রতট— মেলার প্রতিটি কোণ এখন থাকবে হ্যাম রেডিওর নখদর্পণে। ভিড়ের মধ্যে কেউ হারিয়ে গেলে বা হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে এই প্রযুক্তির মাধ্যমেই দ্রুত উদ্ধারকার্য চালানো সম্ভব হবে।
উল্লেখ্য, ‘রেডিও সোসাইটি অফ গ্রেট ব্রিটেন’ থেকে গঙ্গাসাগর ‘AS 153’ স্বীকৃতি পাওয়ায় এই মেলার গুরুত্ব আন্তর্জাতিক মানচিত্রে আরও বৃদ্ধি পেয়েছে। ভৌগোলিক প্রতিকূলতা কাটিয়ে বিপর্যয় মোকাবিলায় এই ডিজিটাল হ্যাম রেডিও এবার গেম-চেঞ্জার হতে চলেছে। মেলার সর্বত্র হ্যাম অপারেটররা ইতিমধ্য়েই ট্রায়াল শুরু করে দিয়েছেন, যাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে সুরক্ষা কবচ হয় এই আধুনিক প্রযুক্তি।