ভোররাতেই রক্তস্নাত ১৬ নং জাতীয় সড়ক! কুয়াশার মরণফাঁদে লরির পিছনে ধাক্কা মুরগির গাড়ির, মৃত ২

মঙ্গলবার ৬ জানুয়ারি, ঘন কুয়াশা আর বেপরোয়া গতির বলি হলেন দুই ব্যক্তি। ভোর ৬টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনান বরুণদা এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন মুরগি বোঝাই গাড়ির চালক ও তাঁর সঙ্গী। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

কুয়াশায় ঢাকা জাতীয় সড়কে মৃত্যুমিছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলকাতামুখী লেনের ধারে একটি লরি দাঁড়িয়ে ছিল। লরির চালক শৌচকার্য করতে নামলে দেউলটির দিক থেকে আসা একটি মুরগি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে যায়। গাড়ির ভিতরেই আটকে পড়েন চালক ও তাঁর সঙ্গী। খালাসি ছিটকে রাস্তায় পড়ে কোনোক্রমে প্রাণে বাঁচলেও, পুলিশ এসে কেবিন থেকে অন্য দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের ঘন কুয়াশার কারণেই দৃশ্যমানতা কমে যাওয়ায় এই বিপর্যয়।

শান্তিপুরেও বাইক দুর্ঘটনা দুদিন আগেই শান্তিপুরের ফুলিয়া ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের। সেখানেও একটি বেআইনি ‘কাট আউট’ নিয়ে স্থানীয়দের ক্ষোভ তুঙ্গে। ট্রাফিক সিগন্যাল না থাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৫৮ বছর বয়সী উত্তম রাজবংশী ও আরও এক যুবক। জাতীয় সড়কে পরপর এই দুর্ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।