কেন্দ্রের টাকায় রাজ্যের ব্যানার! গলসিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ আটকে দিল বিজেপি

কেন্দ্রীয় প্রকল্পের টাকা আর রাজ্য সরকারের লোগো— এই চিরন্তন সংঘাত এবার চরম আকার নিল পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (PMGSY) কাজে রাজ্য সরকারের ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের ব্যানার লাগানোকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রতিবাদে নির্মীয়মাণ রাস্তার কাজ পুরোপুরি বন্ধ করে দিল বিজেপি কর্মীরা।
বিজেপির অভিযোগ, গলসি চৌমাথা থেকে সামরা মোড় পর্যন্ত বিস্তৃত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে তৈরি হচ্ছে। কিন্তু কাজ শুরু হতেই দেখা যায়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ব্যানার সরিয়ে বা ঢেকে দিয়ে সেখানে রাজ্য সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের ব্যানার লাগানো হয়েছে। এই ‘স্টিকার রাজনীতি’র বিরুদ্ধেই সরব হয়েছে গেরুয়া শিবির। তাদের দাবি, কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব রাজ্য সরকার নিজের নামে চালানোর চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন এবং তারপরই মন্তব্য করবেন। আপাতত প্রকল্পের কাজ থমকে যাওয়ায় সমস্যায় পড়েছেন এলাকাবাসী।