ইন্দোরে মৃত্যুমিছিল! বিষাক্ত পানীয় জল খেয়ে মৃত ১৩, সাংবাদিককে কটুক্তি করে তোপের মুখে বিজেপি মন্ত্রী

দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরে এখন শ্মশানের নিস্তব্ধতা। বিষাক্ত পানীয় জল খেয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন বাসিন্দা। অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ১,১০০ জনেরও বেশি মানুষ। এই ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি এতটাই জটিল যে, খোদ বিজেপি নেতাদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইন্দোরের ভাগীরথপুরায় এই মারণ সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবারও নতুন করে ৬০ জন বাসিন্দা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে কয়েক’শ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পাঁচটি অ্যাম্বুল্যান্স মোতায়েন রাখা হয়েছে। স্থানীয়দের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিটি বাড়িতে ক্লোরিন ট্যাবলেট পৌঁছে দিচ্ছে প্রশাসন। অরবিন্দ এবং মেওয়াই হাসপাতালে কয়েক’শ শয্যার বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে।

এদিকে এই ট্র্যাজেডি নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়। শুরুতে এই গণমৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এক সাংবাদিককে কটুক্তি করেন বলে অভিযোগ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। প্রবল চাপের মুখে পড়ে অবশেষে সুর নরম করেছেন তিনি। এক্স (টুইটার) হ্যান্ডেলে ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, উত্তেজনার বশে ভুল মন্তব্য করে ফেলেছেন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং অসুস্থদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছে সরকার। বিজয়বর্গীয়র দাবি, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তবে পরিচ্ছন্নতম শহরে এমন জল-সংকটে প্রশাসনের গাফিলতি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy