তপ্ত গরমে বাইরে বেরোলে সঙ্গে এক বোতল জল রাখা আমাদের অভ্যাস। বিশেষ করে দীর্ঘ পথ ভ্রমণের সময় গাড়িতে কয়েক বোতল জল না থাকলে চলাই দায়। কিন্তু আপনার পছন্দের এই অতি সাধারণ প্লাস্টিকের জলের বোতলই যে কোনো মুহূর্তে আপনার প্রিয় গাড়িটিকে ধ্বংস করে দিতে পারে, তা কি জানতেন? বিশ্বখ্যাত আমেরিকান সাময়িকী ‘রিডার্স ডাইজেস্ট’ (Reader’s Digest) একটি প্রতিবেদনে এমনই এক শিউরে ওঠা তথ্য সামনে এনেছে।
আমেরিকার আইডাহো পাওয়ার স্টেশনের ব্যাটারি টেকনিশিয়ান ডিওনি আমিচেস্তাগুর জীবনে ঘটে যাওয়া এক বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ডিওনি একদিন দুপুরে তাঁর গাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। অবাক হয়ে পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেন, গাড়ির সিটে রাখা একটি প্লাস্টিকের জলের বোতল থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সিটটি পুড়তে শুরু করেছে! মজার ব্যাপার হলো, সেখানে কোনো আগুন বা দেশলাই ছিল না।
কীভাবে ঘটে এই দুর্ঘটনা? গাড়িটি কড়া রোদে পার্ক করা ছিল। জানালার কাঁচ দিয়ে আসা প্রখর সূর্যালোক যখন স্বচ্ছ জলের বোতলের ওপর পড়ে, তখন বোতলটি একটি ‘আতশ কাঁচ’ বা লেন্সের মতো কাজ করতে শুরু করে। আলোক রশ্মিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ঘনীভূত করার ফলে বোতলটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। যার ফলে গাড়ির সিটের কভার পুড়তে শুরু করে এবং মুহূর্তের মধ্যে বড়সড় অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা তৈরি হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরম যত বেশি হবে এবং সূর্যের আলো যত প্রখর হবে, এই ঝুঁকির মাত্রা ততটাই বাড়বে।
বাঁচার উপায় কী? বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, প্রখর রোদে গাড়ি পার্ক করার সময় কখনোই সিটের ওপর জলের বোতল ফেলে রাখা উচিত নয়। জল সঙ্গে রাখলে তা সবসময় সিটের তলায় বা ড্যাশবোর্ডের ভেতরে ছায়াযুক্ত জায়গায় রাখা উচিত। মনে রাখবেন, সামান্য অসাবধানতা আপনার সাধের গাড়িটিকে ছাই করে দিতে পারে।