ক্রীড়াজগতে দেশের সর্বোচ্চ সম্মান ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন’-র জন্য এবার এককভাবে মনোনীত হলেন ভারতীয় হকি দলের সহ-অধিনায়ক হার্দিক সিং। বুধবার গগন নারাংয়ের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ২০২৫ সালের জন্য হার্দিকের নাম সুপারিশ করেছে। গত বছর এই তালিকায় চারজন থাকলেও এবার হার্দিকই একমাত্র নাম, যা তাঁর সম্মানপ্রাপ্তি কার্যত নিশ্চিত করে দিয়েছে। টোকিও এবং প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী দলের এই গুরুত্বপূর্ণ সদস্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশের সাফল্যে বড় ভূমিকা নিয়েছিলেন। ২৭ বছর বয়সি হার্দিক এর সাথেই ধনরাজ পিল্লাই, পিআর শ্রীজেশদের মতো কিংবদন্তিদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন।
তবে এবারের মনোনয়ন তালিকায় সবথেকে বড় চমক এবং বিতর্কের বিষয় হলো ক্রিকেট ও ফুটবলের অনুপস্থিতি। চলতি বছর মহিলা ক্রিকেট দল বিশ্বজয় করলেও অর্জুন পুরস্কারের জন্য কোনো ক্রিকেটারের নাম সুপারিশ করা হয়নি। এই তালিকায় জায়গা পাননি কোনো ফুটবলারও। অথচ বাংলার জন্য দিনটি অত্যন্ত গর্বের। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলার তিন কন্যা— রাইফেল শুটার মেহুলি ঘোষ, প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায় এবং জিমন্যাস্ট প্রণতি নায়েক।
ইতিহাস গড়েছেন যোগাসন অ্যাথলিট আরতি পাল। প্রথম যোগাসন অ্যাথলিট হিসেবে অর্জুনের জন্য প্রস্তাবিত হয়েছে তাঁর নাম। এছাড়াও দাবাড়ু দিব্যা দেশমুখ, ব্যাডমিন্টন জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ সহ মোট ২৪ জন পাচ্ছেন এই সম্মান। ক্রিকেট ও ফুটবলের ব্রাত্য থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রীড়ামহলে চর্চা শুরু হয়েছে। এখন দেখার, শেষ মুহূর্তে ক্রীড়ামন্ত্রক তালিকায় কোনো বদল আনে কি না।