অসমে মোদীর গর্জন! ৪ হাজার কোটির বিমানবন্দর উদ্বোধনের মঞ্চ থেকে অনুপ্রবেশকারীদের ‘সাফ’ করার হুঁশিয়ারি।

শনিবার অসমের গুয়াহাটিতে এক ঝোড়ো সফরে গিয়ে কংগ্রেস ও বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল, ‘লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর’-এর নতুন ভবনের উদ্বোধন করেন। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি বছরে ১ কোটি ৩১ লক্ষ যাত্রী পরিবহণে সক্ষম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে প্রধানমন্ত্রী এই প্রকল্পটিকে উত্তর-পূর্বের নতুন অর্থনৈতিক শক্তির কেন্দ্র হিসেবে বর্ণনা করেন।
উদ্বোধন শেষে এক জনসভায় মোদী অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান। তিনি বলেন, ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে বিশেষ ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তবে তাঁর অভিযোগ, কিছু ‘দেশদ্রোহী’ শক্তি এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। কংগ্রেসের কড়া সমালোচনা করে তিনি বলেন, “দশকের পর দশক ধরে কংগ্রেস উত্তর-পূর্বকে উপেক্ষা করে যে পাপ করেছে, তার মাশুল দেশ আজও দিচ্ছে। তারা অনুপ্রবেশকারীদের মদত দিয়ে অসমের জমি ও পরিচয় বিপন্ন করেছে।” প্রধানমন্ত্রী দাবি করেন, গত ১০ বছরে বিজেপি সরকার এই অঞ্চলে হিংসা বন্ধ করে উন্নয়নের নতুন অধ্যায় শুরু করেছে।