মুখ পুড়ল বাংলাদেশের! উদ্ধার হওয়া ট্রলারে মিলল ভিনদেশি নৌসেনার জাহাজের ভগ্নাংশ ও রং

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মাঝে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা মারার ঘটনায় এবার কোণঠাসা বাংলাদেশ নৌসেনা। নামখানার দুর্ঘটনাগ্রস্ত ট্রলার ‘পারমিতা-১০’ থেকে উদ্ধার হওয়া তথ্য-প্রমাণ সরাসরি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল ঢাকাকে। মৎস্যজীবীদের দাবি, উদ্ধার হওয়া ট্রলারের গায়ে লেগে রয়েছে বাংলাদেশি যুদ্ধজাহাজের রং এবং বেশ কিছু ধাতব ভগ্নাংশ। এই সমস্ত প্রমাণ ইতিমধ্যেই ইন্ডিয়ান কোস্ট গার্ডের (ICG) ডেপুটি কমান্ডেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে।

মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, প্রমাণগুলি স্পষ্টতই ইঙ্গিত করছে দুর্ঘটনার পেছনে কার হাত রয়েছে। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে বাংলাদেশ। সে দেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (ISPR)-এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল সামিউদদৌলা চৌধুরী এক বিবৃতিতে দাবি করেন, প্রচার হওয়া তথ্যগুলি সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’। তাঁদের দাবি, দুর্ঘটনার সময় বাংলাদেশি টহলদার জাহাজ অন্তত ১২ মাইল দূরে ছিল।

গত ১৫ ডিসেম্বর পারমিতা-১০ ট্রলারটি ১৬ জন জেলে নিয়ে ডুবে যায়। এর মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৫ জন নিখোঁজ। এই মর্মান্তিক ঘটনার পর বাংলাদেশি নৌসেনার দায় এড়ানোর চেষ্টা আর ভারতীয় মৎস্যজীবীদের হাতে থাকা পোক্ত প্রমাণ—সব মিলিয়ে দুই দেশের সীমান্তে এখন নতুন করে উত্তেজনা দানা বাঁধছে।