৭০ বছর পর বাংলায় ফিরল ‘মৃগনাভি’! নেওরাভ্যালি জাতীয় উদ্যানে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিরল কস্তুরিমৃগ

হরিণ একটি অতি পরিচিত প্রাণী হলেও এর কিছু প্রজাতি রয়েছে যা পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পথে। তেমনই একটি বিপন্ন প্রজাতির হরিণ হল কস্তুরিমৃগ (Musk Deer)। এই কস্তুরিমৃগের নাভি থেকে এক ধরনের সুগন্ধি নিঃসৃত হয়, যা ‘মৃগনাভির সুগন্ধি’ বা ‘মাস্ক’ নামে পরিচিত এবং আন্তর্জাতিক সুগন্ধি বাজারে এর কদর সবচেয়ে বেশি।

বিরল দর্শন:

কস্তুরিমৃগের এই সুগন্ধির জন্যই এটি চোরাশিকারিদের প্রধান লক্ষ্য। ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে, যেমন জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত এর দেখা মিললেও, সংখ্যা এতটাই কম যে এটি বিপন্ন প্রাণীর লাল তালিকাভুক্ত (Red List)

পশ্চিমবঙ্গের জঙ্গলে শেষবার কস্তুরিমৃগের দেখা মিলেছিল সুদূর ১৯৫৫ সাল নাগাদ, দার্জিলিংয়ের কাছে। এরপর দীর্ঘ ৭০ বছর রাজ্যের হিমালয় সংলগ্ন কোনো জঙ্গলে এই বিরল প্রজাতির প্রাণীর কোনো অস্তিত্ব মেলেনি।

নেওরাভ্যালিতে সাফল্য:

দীর্ঘ ৭০ বছর পর অবশেষে এই হরিণের দেখা পাওয়া গেল দার্জিলিংয়ের নেওরাভ্যালি জাতীয় উদ্যানে

বন দফতর এই সংরক্ষিত জঙ্গলে প্রাণীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য নানা প্রান্তে ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিল। এমনই একটি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে একটি কস্তুরিমৃগ। ৭০ বছর পর বাংলার জঙ্গলে এই বিরল প্রজাতির হরিণের দেখা মেলায় বন্যপ্রাণ সংরক্ষণ কর্মীরা কার্যতই উচ্ছ্বসিত।