মৃতকে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, গোসাবার শম্ভুনগরে জালিয়াতির অভিযোগে পাকড়াও বাংলাদেশি যুবক

দিনের পর দিন ভারতীয় সেজে ভুয়ো পরিচয়ে বসবাস করছিল এক বাংলাদেশি যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার শম্ভুনগরে। অভিযুক্ত জিয়ারুল মোল্লা নামে ওই ব্যক্তি মৃত এক স্থানীয় বাসিন্দা মতলেব মোল্লাকে নিজের বাবা সাজিয়ে জাল পরিচয়পত্র তৈরি করে দীর্ঘকাল ধরে ভারতীয় নাগরিক হিসেবে জীবন যাপন করছিল।
জানা গেছে, মৃত মতলেব মোল্লার আসল ছেলেরা বিষয়টি জানতে পারেন। তাঁরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে ব্লকের বিএলও (বুথ লেভেল অফিসার)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।
তদন্তে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, জিয়ারুল মোল্লার তৈরি করা সমস্ত পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড সহ সমস্ত পারিবারিক তথ্যই ছিল সম্পূর্ণ জাল। সে প্রায় ২০ বছর ধরে এই মিথ্যা পরিচয়ে শম্ভুনগরে বাস করছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো গ্রামজুড়ে তীব্র তোলপাড় শুরু হয়েছে। গ্রামবাসীরা এই ধরণের জালিয়াতির ঘটনায় আতঙ্কিত। কীভাবে একজন বিদেশি নাগরিক বছরের পর বছর ধরে ভারতীয় নাগরিকের সমস্ত সুবিধা ভোগ করে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন ইতিমধ্যেই জিয়ারুল মোল্লার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে।