৪ মিনিটের শুভক্ষণে ঐতিহাসিক মুহূর্ত! রাম মন্দিরের চূড়ায় ধ্বজা ওড়াবেন মোদী, উপস্থিত থাকবেন মোহন ভাগবত

অযোধ্যার রাম মন্দিরের নির্মাণকাজ এখন পুরোপুরি সম্পন্ন। গত বছর ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন হওয়ার পর এবার সম্পূর্ণ হওয়া সেই মন্দিরের চূড়ায় ঐতিহাসিক ‘ধ্বজা’ (নিশানা) ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল, মঙ্গলবার, সংঘ প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন হবে। এর আগে শিলান্যাস এবং উদ্বোধন অনুষ্ঠানেও সঙ্ঘ প্রধান উপস্থিত ছিলেন।

সম্প্রীতির বার্তা ইকবাল আনসারির:
মঙ্গলবারের অনুষ্ঠান সফল করতে অযোধ্যার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবীণ নাগরিক ইকবাল আনসারি। তিনি সেই ব্যক্তি, যিনি বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে বাবার মৃত্যুর পর সুপ্রিম কোর্ট পর্যন্ত তিন দশক আইনি লড়াই চালিয়েছিলেন। ২০১৯ সালের ৯ নভেম্বরের রায়ের পর তিনি তা মেনে নেন। তিনি বলেন, অযোধ্যা সম্প্রীতির নগরী। সকলে মিলে উৎসব পালন করা এখানকার ঐতিহ্য। মঙ্গলবারের অনুষ্ঠানেও সকলকে সৌভ্রাতৃত্ব রক্ষা করতে হবে।

মন্দির কমিটির বক্তব্য অনুসারে, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বের এই ধ্বজারোহন কর্মসূচিটি অত্যন্ত সংক্ষিপ্ত—মাত্র চার মিনিটে সম্পন্ন হবে। শুভ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে মঙ্গলবার বেলা ১১টা ৫২ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। ১২ জন বৈদিক আচার্য ও তাঁদের সহযোগীদের শঙ্খধ্বনির মধ্যে প্রধানমন্ত্রী এই ‘নিশানা উত্তোলন’ করবেন।

ভিভিআইপি পাস বাতিল, ভক্তদের ভিড়:
এই অনুষ্ঠান উপলক্ষে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রায় সাত হাজার অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে। তবে ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে, মঙ্গলবারের অনুষ্ঠানে কোনও ভিভিআইপি পাস ইস্যু করা হবে না। ট্রাস্ট জানিয়েছে, আমন্ত্রিতদের মধ্যে সমাজের সব অংশের মানুষ রয়েছেন এবং মন্দিরে সকলের সমান সুযোগ রয়েছে।

রবিবার থেকেই অযোধ্যায় বিপুল সংখ্যক ভক্ত সমাগম হতে শুরু করেছে। সাধারণ ভক্তরা যাতে ধ্বজা উত্তোলন অনুষ্ঠানটি প্রত্যক্ষ করতে পারেন, সেজন্য মন্দিরের অদূরে ২০০ ফুট চওড়া এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। অনুষ্ঠানে উত্তর প্রদেশ ও ভারত সরকারের একাধিক মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই বিশেষ মুহূর্তের জন্য অযোধ্যার নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে।