‘জানে না, নতুন এসেছেন’! সামান্য ভুলে ভয়াবহ বিপদ, অ্যাসিড মেশানো খাবার খেয়ে কলকাতায় স্থানান্তরিত ৬ জন

একটি সামান্য ভুল যে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে, তার জ্বলন্ত উদাহরণ উঠে এল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে। সেখানে রান্না করার সময় ভুলবশত জল ভেবে অ্যাসিড দিয়ে দেওয়ায় সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শিশুসহ একই পরিবারের ছ’জন সদস্য। ঘটনাটি ঘটেছে ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে।
রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্নু সন্ন্যাসী পেশায় রূপোর কারিগর হওয়ায় তাঁর বাড়িতে অ্যাসিড রাখা ছিল। রবিবার দুপুরে বাড়ির এক নতুন সদস্য রান্না করার সময় ভুলবশত জলের বদলে সেই অ্যাসিডের পাত্রটি ব্যবহার করেন। সেই বিষাক্ত খাবার খেয়ে পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে একই পরিবারের তিনজনের শিশুও রয়েছে, যাদের অবস্থা গুরুতর।
রবিবার সন্ধ্যা নাগাদ তড়িঘড়ি অসুস্থ ছ’জনকেই ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রথমে একটি বাচ্চার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতেই সঙ্কটজনক অবস্থায় ওই ছ’জনকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
পরিবারের এক মহিলা এই ঘটনা প্রসঙ্গে বলেন, “দিদি জানে না। নতুন এসেছেন। এবার উনি রান্নায় কী করছেন উনিই জানেন। তিনটে বাচ্চা রয়েছে।” খাবার খেয়ে এভাবে অসুস্থ হওয়ার ঘটনা নতুন না হলেও, অ্যাসিড মিশে যাওয়ার এই ঘটনা পশ্চিম মেদিনীপুরে কার্যত ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। এই মুহূর্তের এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।