মৃত্যুদণ্ড ঘোষণার পর শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে নতুন করে নোট পাঠাল বাংলাদেশ! চাপে দিল্লি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) কর্তৃক মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর, তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে নতুন করে আনুষ্ঠানিক নোট পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ANI সূত্রে এই খবরটি দাবি করা হয়েছে।
রবিবার, বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা ফের ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে। এর আগে গত ১৭ নভেম্বর বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানোর পরপরই তাঁকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে শুরু হওয়া কোটাবিরোধী ছাত্র আন্দোলন আগস্ট মাসে চরম আকার ধারণ করলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। দেশজুড়ে নৈরাজ্যের মধ্যে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়। এর পরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আন্দোলনকারীদের দখলে চলে যায় ঢাকা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ভাঙচুর ও লুঠপাট চালানো হয়। সেই সময় থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতেই অবস্থান করছেন।
এর আগে ইউনূস প্রশাসনও এই দুই নেতাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি লিখেছিল। এবার ফের নতুন করে নোট পাঠানো হলো বাংলাদেশের তরফে।
যদিও ভারত এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, “শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের রায় সম্পর্কে ভারত অবগত। পাশের দেশ হিসেবে, ভারত বাংলাদেশের জনগণের স্বার্থরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সবার সঙ্গে যোগাযোগ রাখব।”
এবার ভারতের বিদেশ মন্ত্রক কী জবাব দেয়, তারা কি নীরবতা বজায় রাখবে, না কি আনুষ্ঠানিকভাবে মুখ খুলবে—সেটাই এখন দেখার বিষয়।