কৃত্রিম কাগজের ফুলেই বাড়ল বিপদ! জয়নগরে দাউ দাউ করে জ্বলল দোকান, এলাকায় চরম উত্তেজনা

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত গৌড় হাট পোটোপাড়া এলাকায় ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। একটি আর্টিফিশিয়াল ফুলের দোকানে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা আশপাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে এলাকার একটি কৃত্রিম ফুলের দোকানঘর থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দোকানটির ভেতরে মূলত কাগজের তৈরি ফুল মজুত থাকায় আগুন অত্যন্ত দ্রুততার সঙ্গে গোটা দোকানে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত জয়নগর থানা এবং দমকল বিভাগে যোগাযোগ করেন। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে বারুইপুর ও জয়নগর দমকল বিভাগ থেকে ২টি ইঞ্জিন ছুটে আসে। কিন্তু ততক্ষণে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে পার্শ্ববর্তী অন্যান্য দোকানগুলিতেও ছড়িয়ে পড়েছিল।
স্থানীয় বাসিন্দা সুজিত গায়েনের বয়ান অনুযায়ী, আগুন এত দ্রুত ছড়ায় যে স্থানীয়দের পক্ষে প্রাথমিক পর্যায়ে তা নেভানো সম্ভব হয়নি। দমকল কর্মীরা দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনাটি পুজো ও উৎসবের মরসুমের আগে এলাকায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি ও উদ্বেগ তৈরি করেছে।