অধিনায়কত্বের দৌড়ে ঋষভ পন্থকে টেক্কা দিলেন কে এল রাহুল! রোহিত-কোহলিদের নেতা হলেন চোটগ্রস্ত শুভমান গিলের পরিবর্ত

ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের জন্য দল ঘোষণার পরই জানা গেল বড় চমক। চোটের কারণে শুভমান গিল খেলতে না পারায় তাঁর পরিবর্তে কে এল রাহুলকে (KL Rahul) ওডিআই দলের অধিনায়ক হিসেবে বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিদের (Virat Kohli) মতো তারকাদের নেতৃত্বে দেবেন কর্ণাটকের এই উইকেটকিপার-ব্যাটার।
রাহুল এর আগেও জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ১২টি ওডিআই ম্যাচে ভারতীয় দলের কাপ্তানি করেছেন।
কেন অধিনায়কত্ব হারালেন ঋষভ পন্থ?
অধিনায়ক হওয়ার দৌড়ে রাহুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে সম্প্রতি গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে পন্থের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে তাঁর বোলিং পরিবর্তন এবং ফিল্ডিং সাজানোয় ঘাটতি ছিল বলে মনে করছেন নির্বাচকরা। এছাড়াও, দলের বাকিদের উদ্দীপ্ত করতেও এই উইকেটকিপার-ব্যাটার ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ। এই কারণেই নির্বাচকরা তাঁর পরিবর্তে অভিজ্ঞ রাহুলকে অধিনায়কের দায়িত্ব দিলেন।
শুরুর দিকে শুভমানের পরিবর্তে রোহিতকে ফের নেতৃত্বের ভার দেওয়া হতে পারে বলেও জল্পনা শোনা গিয়েছিল, কিন্তু নির্বাচকরা শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি।
জাডেজার প্রত্যাবর্তন, অক্ষরকে বিশ্রাম
এই সিরিজে তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) প্রত্যাবর্তন ঘটেছে। গত মাসে অস্ট্রেলিয়া সফরের ওডিআই সিরিজে তিনি দলে ছিলেন না। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে ফিরিয়ে আনা হয়েছে। অক্ষর প্যাটেলকে (Axar Patel) এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, তাঁর বদলেই দলে এলেন জাডেজা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রুতুরাজ গায়কোয়াড়ও (Ruturaj Gaikwad)।
ভারতের ১৫ জনের ওডিআই স্কোয়াড:
অধিনায়ক: কে এল রাহুল (উইকেটকিপার)
রোহিত শর্মা
যশস্বী জয়সোয়াল
বিরাট কোহলি
তিলক ভার্মা
ঋষভ পন্থ (উইকেটকিপার)
ওয়াশিংটন সুন্দর
রবীন্দ্র জাডেজা
কুলদীপ যাদব
নীতীশ কুমার রেড্ডি
হর্ষিত রানা
রুতুরাজ গায়কোয়াড়
প্রসিদ্ধ কৃষ্ণ
আর্শদীপ সিং
ধ্রুব জুরেল
সিরিজের সূচি:
সিরিজটি শুরু হচ্ছে আগামী রবিবার, ৩০ নভেম্বর রাঁচিতে প্রথম ওডিআই ম্যাচের মাধ্যমে। এরপর ৩ ডিসেম্বর রায়পুরে দ্বিতীয় ম্যাচ এবং ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে হবে তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ।