এসআইআর ফর্ম নিতে এসে ২৬ বছর পর বাড়িতে ফিরলেন হারিয়ে যাওয়া রমজান! ভাঙড়ে আবেগের বন্যা

ভাঙড় – এসআইআর (SIR) বা প্রাথমিক জরিপের এক নথিপত্র ফিরিয়ে দিল এক হারিয়ে যাওয়া ছেলেকে। ভাঙড় এলাকার হাতিশালার বাসিন্দা রমজান মোল্লা মাত্র ১২ বছর বয়সে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা দীর্ঘ ২৬ বছর ধরে বহু খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এসআইআর-এর কারণে সেই হারিয়ে যাওয়া ছেলেটি ফিরে এসেছে তার নিজের বাড়িতে।

১২ বছর বয়সে ঘরছাড়া: হারিয়ে যাওয়ার গল্প বলতে গিয়ে রমজান জানান, ছোটবেলায় এক বিহারি ড্রাইভারের হাত ধরে তিনি বাড়ি ছেড়েছিলেন। এরপর মুম্বই, দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে কাজ করেছেন। অবশেষে বীরভূম জেলায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন। বর্তমানে সেখানেই তার সংসার এবং সন্তান রয়েছে।

রমজান বলেন, “আসলে বাড়ির ঠিকানা সেভাবে মনে করতে পারছিলাম না। হাতিশালায় বাড়ি, সেটাই শুধু মনে ছিল। মামারবাড়ি কোচপুকুর, সেটাও মনে ছিল।” এসআইআর-এর ফর্ম পূরণের তাগিদেই বাড়ি ফেরার চেষ্টা করেন তিনি।

ফিরে আসার অলৌকিক মুহূর্ত: এলাকায় পৌঁছালেও কিছুই মনে করতে পারছিলেন না রমজান। মামার বাড়ির এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করতে দেখে কৌতুহলী মানুষজন তাঁকে সহযোগিতা করেন। তাদের সাহায্যেই তিনি মামার বাড়িতে পৌঁছান। এরপর মামার বাড়ির লোকজনের সহযোগিতায় দীর্ঘ ২৬ বছর পর তিনি নিজের জন্মভূমিতে পা রাখেন।

রাজনৈতিকভাবে বরাবরই স্রোতের বিপরীতে হাঁটে ভাঙড়। এই এসআইআর ইস্যুকে কেন্দ্র করেও সেই ধারা বজায় থাকল। যেখানে সীমান্তে ভিড় বাড়ছিল বাড়ি ফেরার, সেখানে এসআইআর-এর হাত ধরে নিজের ভিটে ফিরে পেল হারিয়ে যাওয়া রমজান।