‘আমি জীবিত!’ প্রমাণ করতে হাইকোর্টে ছুট! SIR আবহে বড় নির্দেশ, জাল ডেথ সার্টিফিকেট বাতিল

এক ভয়াবহ ষড়যন্ত্রের শিকার হয়ে সরকারি নথিতে প্রায় ছয় মাস ধরে ‘মৃত’ হিসেবে গণ্য হচ্ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকার বাসিন্দা শাবানা লস্কর। গ্রামেরই এক বাসিন্দা, সাহাদুল লস্করের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ভুয়ো নথি ব্যবহার করে শাবানার ডেথ সার্টিফিকেট বের করেন। এর ফলে শাবানার ভোটার কার্ড, আধার কার্ড সহ সমস্ত পরিচয়পত্র বাতিল হয়ে যায়।
জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েন শাবানা। বারবার পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না মেলায় অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি কৃষ্ণা রাও এই মামলার শুনানির পর অবিলম্বে শাবানার ডেথ সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, তাঁর বাতিল হয়ে যাওয়া সমস্ত পরিচয়পত্র পুনরায় সচল করারও নির্দেশ দিয়েছেন আদালত।
শাবানার পরিবারের অভিযোগ, সাহাদুল লস্কর তাঁর আধার কার্ডের নম্বর হাতিয়ে নিয়েছিল। এরপর জাল কাগজপত্র দেখিয়ে মৃত্যুর শংসাপত্র বের করে, যাতে সরকারি ‘কৃষকবন্ধু’ প্রকল্পের মতো মৃত্যুকালীন আর্থিক সুবিধাগুলি সে আদায় করতে পারে।
আদালতের নির্দেশে বলা হয়েছে, ১৪ মে ইস্যু হওয়া ডেথ সার্টিফিকেট অবিলম্বে বাতিল করতে হবে এবং ভোটার, আধার কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র সচল করতে হবে। পুলিশও তদন্তে নেমে নিশ্চিত করেছে যে শাবানা জীবিত। সাহাদুল লস্করের ষড়যন্ত্রের প্রমাণ মেলায় শাবানার পরিবার অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।