ভূমিকম্পের জেরে তছনছ অফিসপাড়া! ৫.৭ মাত্রার কম্পনে আতঙ্ক, বহুতল খালি করে রাস্তায় নামল জনতা

আজ সকালে জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। সকাল ১০টা ৯ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। একনাগাড়ে প্রায় ১৮ সেকেন্ড ধরে কম্পনের অনুভূতি বজায় ছিল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৭।
উৎসস্থল বাংলাদেশ
ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮ মিনিটে এই কম্পন শুরু হয়। জানা গেছে, ভূমিকম্পের এপিসেন্টার ছিল বাংলাদেশের নরসিংদী জেলার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার দূরে। সেখানে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার কম্পন অনুভূত হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গে আতঙ্ক
কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুরেও জোরাল কম্পন অনুভূত হয়।
অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। কম্পন শুরু হতেই বহুতল ও অফিসগুলি দ্রুত ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসেন এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এখনও পর্যন্ত রাজ্যের কোথাও থেকে বড়সড় ক্ষয়ক্ষতির খবর না এলেও, এই তীব্র কম্পনের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।