ভোটার তালিকা সংশোধনে বিরাট আপডেট! SIR ফর্মে ভুল হলেও চিন্তা নেই, কীভাবে ভুল সংশোধন করবেন? জানাল কমিশন

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (SIR) জন্য এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ। এখন ফর্ম পূরণ করে জমা দেওয়ার পালা, যার শেষ দিন ৪ ডিসেম্বর, ২০২৫। এই সময়ের মধ্যে পূরণ করা এনুমারেশন ফর্ম বুথ লেভেল অফিসারদের (BLO) কাছে জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট BLO-রাই এই ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করবেন।
অনলাইনে ফর্ম আপলোড করার সময় যদি কোনও ভুল হয়ে যায়, তা নিয়ে এতদিন চিন্তা ছিল। তবে এখন আর চিন্তা নেই। নির্বাচন কমিশন এই সমস্যার সমাধানে নতুন আপডেট নিয়ে এসেছে।
কমিশনের নতুন আপডেট (১৯ নভেম্বর):
নির্বাচন কমিশনের (EC) নতুন আপডেট অনুযায়ী, একবার ফর্ম সাবমিট বা আপলোড হয়ে যাওয়ার পরেও ফর্মে কোনও ভুল থাকলে তা সহজেই সংশোধন করা যাবে।
কীভাবে সংশোধন করা যাবে?
ভুল সংশোধনের ক্ষমতা নির্বাচন কমিশন শুধুমাত্র BLO-দের হাতে দিয়েছে। অর্থাৎ, এই কাজ ভোটার নিজে করতে পারবেন না। এই কাজের জন্য ভোটারকে সংশ্লিষ্ট BLO-এর দ্বারস্থ হতে হবে। অনলাইন বা অফলাইন যেভাবেই ফর্ম জমা দেওয়া হোক না কেন, ভুল সংশোধন বা এডিট করার জন্য BLO-দের মাধ্যমেই তা করাতে হবে। BLO-রা কমিশনের নিজস্ব অ্যাপের মাধ্যমে এই কাজটি করে দেবেন।
BLO-দের সংশোধনের প্রক্রিয়া:
BLO-রা তাঁদের অ্যাপের মাধ্যমে খুব সহজে এই সংশোধনের কাজটি করতে পারেন। নিচে সংশোধনের জন্য যে ধাপগুলি অনুসরণ করতে হয়, সেগুলি উল্লেখ করা হলো:
১. প্রথমে BLO-কে অ্যাপের নিচের দিকে থাকা ‘Special Intensive Revision’ অপশনে ক্লিক করতে হবে। ২. এরপর নিজের পছন্দের ভাষা নির্বাচন করে সাবমিট করতে হবে। ৩. এই পর্যায়ে মোট ৫টি অপশন দেখা যাবে। ৪. অনলাইনে জমা হওয়া ফর্মের জন্য: ৩ নম্বর অপশন, অর্থাৎ ‘Online Forms Fill by Elector’-এ ক্লিক করে BLO দেখতে পাবেন কারা অনলাইনে ফর্ম ফিলাপ করেছেন। ৫. সংশোধনের জন্য: ৪ নম্বর অপশন, অর্থাৎ ‘Rectify Filled Enumeration Form’-এ ক্লিক করে BLO নিজের আপলোড করা অথবা অনলাইনে সাবমিট হওয়া ভুল ফর্ম সংশোধন করতে পারবেন।
এই নতুন নির্দেশিকার ফলে ভোটার তালিকা সংশোধনের কাজে আরও বেশি স্বচ্ছতা ও নির্ভুলতা আনা সম্ভব হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।