নিউজ 18-এর খবরের জের! সংবিধান তৈরির কারিগর সারদাচরণ চন্দের পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ, কমিশনকে ধন্যবাদ

ভারতের সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর সারদাচরণ চন্দের পরিবারের নাম নির্বাচন কমিশনের আপলোড করা ২০০২ সালের ভোটার তালিকা থেকে বাদ পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। গত ১৩ নভেম্বর নিউজ 18 বাংলায় এই খবর প্রকাশিত হওয়ার পরেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।
ঠিক কী ঘটেছিল?
রাসবিহারীর ধর্মদাস রোডে সারদাচরণ চন্দের ১৯৩৬ সালে তৈরি বাড়িতে এখনও তাঁর পরিবারের সদস্যরা থাকেন। তাঁদের অভিযোগ ছিল, কমিশনের আপলোড করা ২০০২ সালের ভোটার তালিকায় শুধু তাঁদের নামই নেই, এমনকি বাড়ির ঠিকানা (৮ নম্বর বাড়ি) পর্যন্ত বাদ পড়ে গিয়েছে। তালিকায় ৭ নম্বরের পর সরাসরি ৯ নম্বর বাড়ির নাম উল্লেখ ছিল। পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে জানানো হয়, যে বাড়িতে প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো নেতারা পড়তে আসতেন, সেই বাড়ির ঠিকানা বাদ পড়া অত্যন্ত লজ্জাজনক।
কমিশনের দ্রুত পদক্ষেপ:
নিউজ 18-এর খবরের পরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। বুধবার কমিশনের এক প্রতিনিধি সারদাচরণ চন্দের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের নাতবউ সুনন্দা চন্দ জানান, কমিশনের প্রতিনিধি ফোন করে তাঁদের কাছে দুঃখ ও লজ্জা প্রকাশ করেছেন। তিনি বলেন, “তাঁরা বলেছেন দুঃখিত এবং লজ্জিত যে এমন পরিবারের নাম বাদ গিয়েছে। তাঁদের পক্ষ থেকে ভুল হয়েছে বলেও জানানো হয়েছে। তবে চিন্তার কিছু নেই বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।”
কমিশনের এই দ্রুত পদক্ষেপের জন্য সুনন্দা চন্দ নিউজ 18-কে ধন্যবাদ জানান।
স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ও কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। কমিশনের এক আধিকারিক জানান, কোনও ত্রুটির কারণে তাঁদের নাম বাদ গিয়েছিল। সেই ভুল শুধরে নিয়ে দ্রুত ২০০২ সালের ভোটার তালিকায় সারদাচরণ চন্দের পরিবারের নাম তোলা হবে।