‘নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার’, জাতীয় সড়কে অপেক্ষারত টোটোয় লরির ধাক্কা, মর্মান্তিক মৃত্যু চালকের

জাতীয় সড়কে টোটোর যাতায়াত নিয়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম ভাঙার প্রবণতায় ফের ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে সামশেরগঞ্জের নতুন জালাদিপুর পিলকী মোড় সংলগ্ন জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন টোটো চালক।

পুলিশ সূত্রে খবর, মৃত টোটো চালকের নাম দেরাজ শেখ, তাঁর বাড়ি সুতি থানার গাজীপুরে। জানা গিয়েছে, এদিন সকালে যাত্রী নেওয়ার জন্য জাতীয় সড়কে দাঁড়িয়ে অপেক্ষা করছিল টোটোটি। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি সজোরে সেটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক দেরাজ শেখের।

জাতীয় সড়কে তীব্র যানজট:

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জাতীয় সড়কে বিশাল আকারের যানজট তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকলেও, পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

নিয়ম ভাঙার প্রবণতা:

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরকারি নির্দেশ অনুযায়ী জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বহুক্ষেত্রেই সেই নিয়ম ভঙ্গ করার প্রবণতা দেখা যায়। এই এলাকায় জাতীয় সড়কে টোটোর অবাধ চলাচলের কারণে নিত্যদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বাসুদেবপুরের দিক থেকে সাজুর মোড়ের দিকে যাচ্ছিল টোটোটি। নতুন জালাদিপুর সংলগ্ন ধরম কাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় দেরাজ শেখের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।