সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির ফাঁদ, কিশোরীর ভুলে বাবার অ্যাকাউন্ট থেকে উধাও ৪ লক্ষ ৯ হাজার টাকা, পুরুলিয়ায় চাঞ্চল্য

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি লোভনীয় ভুয়ো চাকরির বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে বড়সড় সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়া জেলার আদ্রার এক কিশোরী। ‘বাড়িতে বসে প্রতি মাসে ২৫ হাজার টাকা রোজগার’ করার প্রলোভনে পড়ে সে তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৪ লক্ষ ৯ হাজার টাকা খুইয়ে দিয়েছে।

এই প্রতারণার শিকার হয়েছেন আদ্রা থানার গোয়াড্ডি এলাকার প্রাক্তন শিক্ষক লক্ষীরাম সরেন। ঘটনায় দিশেহারা হয়ে তিনি ইতিমধ্যেই টাকা ফেরতের দাবিতে আদ্রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তদন্তের আবেদন জানিয়েছেন।

জানা গেছে, প্রাক্তন শিক্ষক লক্ষ্মীরাম সরেনের ১৮ বছর বয়সী মেয়ে সোশ্যাল মিডিয়ায় ওই ভুয়ো চাকরির বিজ্ঞাপনটি দেখেন। বিজ্ঞাপনে দাবি করা হয়, এককালীন ১০ হাজার টাকা আগাম দিলেই প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন মিলবে। এই লোভে কিশোরী বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করে।

প্রতারকেরা তাকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথমে আগাম বাবদ ১০ হাজার টাকা জমা দিতে বলে। কিশোরীটি তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনে ওই ১০ হাজার টাকা পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই বিপত্তি শুরু হয়। প্রথমে মোবাইলে কোনো লেনদেনের মেসেজ না আসায় লক্ষ্মীরাম বাবু বিষয়টি টের পাননি, কিন্তু প্রতারকেরা বিভিন্ন ধাপে তার অ্যাকাউন্ট থেকে মোট ৪ লক্ষ ৯ হাজার টাকা তুলে নেয়।

পরে লক্ষ্মীরাম বাবু ঘটনাটি বুঝতে পেরে দ্রুত আদ্রা থানার দ্বারস্থ হন। ততক্ষণে বিপুল অঙ্কের টাকা হাতছাড়া হয়ে গেছে। আদ্রা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতারকদের খুঁজে বের করা এবং চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে থানা সূত্রে জানা গেছে। এই ঘটনায় সাইবার অপরাধ নিয়ে ফের একবার সচেতনতা বৃদ্ধির প্রয়োজন অনুভূত হচ্ছে।