নতুন বছরের ‘উপহার’! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদের নবনির্মিত সুইমিং পুল চালু হচ্ছে আগামী মার্চ মাস থেকে!

দীর্ঘদিনের প্রতীক্ষার পর নতুন রূপে সেজে ওঠা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের নবনির্মিত সুইমিং পুলটি দ্রুত চালু হতে চলেছে। মঙ্গলবার এই সুইমিং পুল পরিদর্শনে আসেন জেলাশাসক তথা সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি নীতিন সিংহানিয়া।
জেলাশাসকের পরিদর্শন:
বিধায়ক নিয়ামত সেখ-সহ সুইমিং অ্যাসোসিয়েশনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে জেলাশাসক সুইমিং পুলের সমস্ত সুবিধা-অসুবিধা সরজমিনে খতিয়ে দেখেন। বিধায়ক নিয়ামত সেখ জানান, সমস্ত রকম উন্নত পরিকাঠামো নিয়ে দ্রুত এই সুইমিং পুল চালু করতে জেলাশাসকের সঙ্গে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে।
কবে থেকে শুরু হবে পরিষেবা?
পরিদর্শন শেষে জেলাশাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুর টাউনে এই সুইমিং পুলটি তৈরি হচ্ছে। তিনি নিশ্চিত করেন, “৯৫ শতাংশ কাজ প্রায় শেষ। বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে।”
জেলাশাসক আরও জানান, নতুন বছরের মার্চ মাস থেকেই এই সুইমিং পুল চালু করার পরিকল্পনা রয়েছে। মুর্শিদাবাদের সাধারণ মানুষ যাতে দ্রুত এই উন্নত পরিষেবা ব্যবহার করতে পারেন, তার জন্য দ্রুততার সঙ্গে শেষ পর্যায়ের কাজ চলছে।