নির্বাচনের আগে ৫ কোটি উদ্ধার! সাদা স্করপিও গাড়িতে বিপুল টাকা, বীরভূমের ২ যুবক গ্রেফতার

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর এর ঠিক আগে রাজ্যে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। নারায়ণপুর থানার আকাঙ্ক্ষা মোড় থেকে একটি সাদা রঙের স্করপিও গাড়ি থেকে প্রায় পাঁচ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধার হওয়া পাঁচ কোটি টাকার সবটাই ৫০০ টাকার নোটে ছিল। এই ঘটনায় গাড়ি চালক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন আক্রম খান (৩৫) ও ইমরান খান (প্রায় ৩১)। জানা গিয়েছে, ধৃত দু’জনেই বীরভূমের বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ-এর একটি দল নারায়ণপুর থানার স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালায়। তখনই গাড়িটিকে আটক করা হয় এবং বিভিন্ন ব্যাগের মধ্যে লুকানো বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ টাকা বীরভূম থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কলকাতা নিউ টাউনের দিকে যাচ্ছিল। তবে কী উদ্দেশ্যে এত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। উদ্ধার হওয়া এই অর্থের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ধৃত দুই যুবক।

নিউ টাউন থানার পুলিশ ধৃত দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। নির্বাচনকে সামনে রেখে এত বিপুল অঙ্কের আর্থিক লেনদেন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা বাড়ছে। বেঙ্গল এসটিএফ এই টাকার উৎস এবং গন্তব্য সম্পর্কে তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy