আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ স্পেশাল সামারি রিভিশন (SIR)-এ দ্রুত গতিতে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। শনিবার বিকেল চারটে পর্যন্ত রাজ্যে এনুমারেশন ফর্ম বিতরণের কাজ ৯৮.০৮ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর।
কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৮ হাজার ২৮৮ জন ভোটারের মধ্যে ৭ কোটি ৫১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জনের কাছেই ফর্ম পৌঁছে গিয়েছে। এই সফলতার সঙ্গে পশ্চিমবঙ্গ বৃহৎ রাজ্যগুলির মধ্যে এনুমারেশন ফর্ম বিতরণে কেবল মধ্যপ্রদেশের (৯৮.৩৮%) পরেই দ্বিতীয় স্থানে রয়েছে।
সোমবার থেকে শুরু হচ্ছে ফর্ম সংগ্রহ
নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী, এই বিতরণের পরেই সোমবার থেকে ফিল-আপ করা ফর্মগুলি সংগ্রহ করার কাজ শুরু হবে। অর্থাৎ, ভোটার তালিকা সংশোধনের কাজ এখন শেষ ধাপের দিকে। কমিশন লক্ষ্যমাত্রা স্থির করেছে, আগামী ৪ ডিসেম্বরের মধ্যেই রাজ্যে ১০০ শতাংশ ফর্ম বিতরণ সম্পূর্ণ করতে হবে।
কম গতির তালিকায় ৪০টি কেন্দ্র
তবে কমিশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বাংলার সব এলাকায় সমান গতিতে কাজ এগোয়নি। ফর্ম বিতরণে গতি কম থাকার কারণে কলকাতা, শিলিগুড়ি, হাওড়া সহ মোট ৪০টি বিধানসভা কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত গতি বাড়ানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
কম গতির তালিকায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো: শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তপন, পলাশিপাড়া, রানাঘাট উত্তর-পূর্ব, জগদ্দল, নওয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট নিউটাউন, বিধাননগর, জয়পুর, বারুইপুর পূর্ব, কসবা, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর-বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়গপুর সদর, দুবরাজপুর, শিউড়ি, আলিপুরদুয়ার ও কুলটি।
পর্যবেক্ষণে আসছে কেন্দ্রীয় দল
এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আগামী সপ্তাহে বাংলায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল। তাঁদের সফরের প্রধান উদ্দেশ্য হল এসআইআর (SIR) প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করা। আগামী ১৮ নভেম্বর দলটি কলকাতায় পৌঁছবে এবং ২১ নভেম্বর নির্ধারিত FLC কর্মশালায় উপস্থিত থাকবে। এই দলে থাকছেন সিনিয়র ডিইসি জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি ও মালয় মল্লিক, এবং জয়েন্ট সেক্রেটারি অভিনব আগরওয়াল। এই কর্মশালায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সব জেলা নির্বাচন আধিকারিক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তারাও উপস্থিত থাকবেন।